আন্তর্জাতিক বাজারে বাড়তির দিকে রয়েছে সয়াবিনের দাম। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে কৃষিপণ্যটির দাম আগের তুলনায় তিন সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে গেছে। মূলত নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যেও চীনের বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় সিবিওটিতে চাঙ্গা হয়ে উঠেছে সয়াবিনের দাম।  খবর বিজনেস রেকর্ডার ও এগ্রিমানি।

সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিন ৮ ডলার ৫৭ সেন্টে বিক্রি হয়। তিন সপ্তাহ আগে কৃষিপণ্যটির বুশেলপ্রতি সর্বোচ্চ ৮ ডলার ৫৭ সেন্টে বিক্রি হয়েছিল। বুধবার এক নোটে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন রফতানি বেড়েছে। তবে প্রায় ১ লাখ ৮৬ হাজার টন সয়াবিনের রফতানি গন্তব্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

খাতসংশ্লিষ্টদের ধারণা, গন্তব্য গোপন রাখা হলেও রফতানি করা এসব সয়াবিনের চালান চীনে গেছে। এর মধ্য দিয়ে চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হওয়ার ইঙ্গিত মিলছে। আর এমনটা হলে আগামী দিনগুলোয় চীনের বাজারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন রফতানি আরো বাড়তে পারে। এ সম্ভাবনা কৃষিপণ্যটির বাজার পরিস্থিতি চাঙ্গা করে তুলেছে।