নভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে দেশে দেড় মাস ধরে সাধারণ ছুটি চলছে। ফলে নতুন মৌসুমে চায়ের নিলাম সূচি নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ চা বোর্ড। এর আগে দুটি সংক্ষিপ্ত নিলাম সূচি ঘোষণা করলেও তা থেকে সরে এসেছে চা বোর্ড। শেষ পর্যন্ত ১৮ মে মৌসুমের প্রথম নিলাম আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে। এরপর ১ ও ৩ জুন সংক্ষিপ্ত পরিসরে আরো দুটি নিলাম হবে।

চা বোর্ডের বাণিজ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ মে চট্টগ্রামে নতুন মৌসুমের প্রথম নিলাম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। ঈদের পর ১ ও ৩ জুন চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে আরো দুটি নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দুটি নিলাম আয়োজনের পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নিলাম সূচি ঘোষণা করা হবে। নভেল করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে এভাবে সংক্ষিপ্ত সূচি প্রকাশের মাধ্যমে দেশীয় বাগানগুলোর চা বিপণন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে সীমিত পরিসরে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ চা বোর্ড। পুরনো মৌসুমের অবিক্রীত চা ও নতুন মৌসুমের জন্য উৎপাদিত চায়ের মজুদ কমাতে ১৩ ও ১৯ মে নিলাম দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রামের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) ও শ্রীমঙ্গলের টি প্ল্যান্টার অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (টিপিটিএবি) অপারগতা প্রকাশ করলে নিলাম সূচি সংশোধন করে চা বোর্ড। নিলাম আয়োজনকালে সামাজিক দূরত্ব রক্ষার পাশাপাশি জীবাণুনাশক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি শতভাগ পরিপালনের শর্ত দেয়া হয়েছে।