আমস্টারডামভিত্তিক প্রযুক্তি কোম্পানি নেবিয়াস গ্রুপের সঙ্গে ১ হাজার ৭৪০ কোটি ডলারের চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। চুক্তি অনুযায়ী নেবিয়াস আগামী পাঁচ বছর মাইক্রোসফটকে উচ্চ ক্ষমতাসম্পন্ন জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ করবে। এই ঘোষণার পর পরই নেবিয়াসের শেয়ার দর ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্স।
নেবিয়াস মূলত এআই ক্লাউড পরিষেবা প্রদান করে থাকে। কোম্পানিটি ডেভেলপারদের জন্য কম্পিউটিং, স্টোরেজ, ম্যানেজড সার্ভিস এবং অন্যান্য টুলস সরবরাহ করে, যাতে তারা এআই মডেল তৈরি, পরীক্ষা ও চালনা করতে পারে। নেবিয়াসের পরিষেবায় ব্যবহৃত হয় এনভিডিয়া গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং কোম্পানির নিজস্ব ক্লাউড সফটওয়্যার ও হার্ডওয়্যার।
নতুন চুক্তি অনুযায়ী, নেবিয়াস মাইক্রোসফটকে ভাইনল্যান্ড, নিউ জার্সিতে নতুন ডেটা সেন্টার থেকে বিশেষ জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ করবে, যা চলতি বছরের শেষের দিকে কার্যক্রম শুরু করবে। চুক্তির আওতায় মাইক্রোসফট অতিরিক্ত সার্ভিসও কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে চুক্তির মোট মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে ১ হাজার ৯৪০ কোটি ডলার।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি বিশ্বব্যাপী উচ্চক্ষমতাসম্পন্ন এআই কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরে, যেখানে বড় কোম্পানিগুলো তাদের এআই অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে।
নেবিয়াস কোম্পানিটি রাশিয়ার প্রযুক্তি জায়ান্ট ইয়ান্ডেক্স থেকে আলাদা হয়ে গঠিত হয়েছিল। এরপর থেকে প্রতিষ্ঠানটি নিজেদেরকে এআই ইনফ্রাস্ট্রাকচারের একটি প্রধান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নেবিয়াসের সিইও আর্কাদি ভলোঝ চুক্তি সম্পর্কে বলেন, ‘চুক্তির অর্থনৈতিক দিকগুলো অত্যন্ত আকর্ষণীয়, পাশাপাশি এটি আমাদের এআই ক্লাউড ব্যবসাকে ২০২৬ সালের পর আরো দ্রুত বাড়াতে সহায়তা করবে।’
বিশ্লেষকরা মনে করছেন, এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য কোম্পানিগুলো কৌশলগতভাবে বিনিয়োগ করছে, যেখানে নেবিয়াস এবং মাইক্রোসফট নেতৃত্ব দিচ্ছে।










