তৈরি পোশাকের মূল্যবৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম-সাফ-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

তবে তৈরি পোশাকের মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ীরা আহ্বান জানালেও ক্রেতারা বর্তমান পরিস্থিতিতে সেটির জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। 

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ, আইএলও ও আইএফসি বেটার ওয়ার্ক বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জিআইজেড ও ওয়াটারএইড এতে সহযোগিতা করেছে। 

অনুষ্ঠানে তৈরি পোশাকের ন্যায্যমূল্য নিশ্চিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানান সালমান এফ রহমান। তিনি বলেন, ‘‌ম্যানমেইড ফাইবারের মাধ্যমে তৈরি পোশাকের বড় মার্কেট দখল করেছে চীন। তাই সম্ভাবনাময় এ খাতে নজর দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ। এই গতি বজায় রাখার জন্য আমাদের অবশ্যই স্থায়িত্ব এবং নৈতিক অনুশীলনকে অগ্রাধিকার দিতে হবে।’

এ সময় চার্লস হোয়াইটলি বলেন, ‘‌শ্রমিক অধিকার নিশ্চিতে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে ইইউ। পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে জোর দিচ্ছি আমরা। শিগগিরই হবে নতুন আইন।’

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘‌সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা এমন একটি ভবিষ্যৎ গঠন করতে চাই, যেখানে বাংলাদেশের টেকসই পোশাক শিল্প এবং প্রতিযোগিতা একসঙ্গে কাজ করে।’

দিনব‌্যাপী ফোরামে প্রায় ৫০০ জন দেশী-বিদেশী প্রতিনিধি অংশ নেন।