আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অব্যাহত বাড়ছে। ধাতুটির দাম দুই সপ্তাহে সর্বোচ্চে উঠেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষের জেরে ৮ অক্টোবর থেকেই ঊর্ধ্বমুখী হতে শুরু করে স্বর্ণের বাজার। ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেই মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার আর না বাড়ানোর ইঙ্গিত এসেছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের নীতিনির্ধারণী মহল থেকে। এ খবরে মূল্যবান এ ধাতুর বাজার আরো চড়া হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

স্পট মার্কেটে স্বর্ণের দাম বুধবার দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সে দাম উঠেছে ১ হাজার ৮৭১ ডলার ৫২ সেন্টে। গত ২৯ সেপ্টেম্বরের পর এটিই ধাতুটির সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটে দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ ডলার ২০ সেন্টে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার নিম্নমুখী করতে পারে। ফেড কর্মকর্তাদের এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং মধ্যপ্রাচ্যে টালমাটাল অবস্থার কারণে স্বর্ণের বাজার লাভজনক হয়ে উঠেছে।’

আটলান্টা ফেডের প্রেসিডেন্ট রাফেল বস্টিক সম্প্রতি জানিয়েছেন, তিনি আরেক দফায় সুদহার বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন না। আর মিনিয়াপোলিস ফেডের প্রেসিডেন্ট নীল কাশকারি বলেছেন, ‘‌ ফেড বন্ডের উচ্চ সুদহার কমিয়ে দিতে পারে।’

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার টানা দ্বিতীয় দিনের মতো দুই সপ্তাহের সর্বনিম্নে অবস্থান করছে। গত সপ্তাহে বন্ডের সুদহার ২০০৭ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

সিএমই ফেডওয়াচ টুল বলছে, ‘‌ ফেডের সুদহার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫০ রেঞ্জের মধ্যেই অপরিবর্তিত থাকতে পারে। ব্যবসায়ীরা মনে করছেন, সুদহার না বাড়ানোর সম্ভাবনা ৭১ শতাংশ।’

সুদহার বাড়া, কমা বা অপরিবর্তিত থাকার সিদ্ধান্ত নির্ভর করছে মার্কিন ভোক্তা মূল্য সূচকের ওপর। মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়ার রিপোর্ট এলে স্বর্ণের দাম ১ হাজার ৯০০ ডলারে উঠতে পারে বলে মনে করছে উইকফ অ্যানালাইটিকস।

যুক্তরাষ্ট্রে সুদহার বাড়ার ওপর স্বর্ণের বাজার অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। সুদহার কমে গেলে ডলারে স্বর্ণ ক্রয়ে আগ্রহী হয়ে পড়েন বিনিয়োগকারীরা। ডলারে স্বর্ণের ক্রয় খরচ কমে আসায় চাহিদা বাড়ে ধাতুটির। এতে দামও ঊর্ধ্বমুখী হতে শুরু করে। বিনিয়োগকারীরা ইসরায়েল ও ফিলিস্তিনি হামাসের মধ্যে সংঘর্ষ থামে কিনা সে দিকেও নজর রাখছেন।

সংঘর্ষের কারণে নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। ৯ অক্টোবর স্বর্ণের দাম লাফিয়ে ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। বাড়ে রূপার দামও। স্পট মার্কেটে ধাতুটির দর ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ২২ ডলার শূন্য ২ সেন্টে। প্লাটিনামের বাজার দাম বেড়ে যায় দশমিক ৪ শতাংশ। মূল্য স্থির হয় ৮৮৩ ডলার ৭৮ সেন্টে।

তবে একই সময়ে কমেছে প্যালাডিয়ামের দামও। দশমিক ৬ শতাংশ কমে মূল্য নেমেছে এক হাজার ১৬৩ ডলার ১৯ সেন্টে।