মূল্যস্ফীতির চাপ থাকা সত্ত্বেও শক্তিশালী চাহিদার কারণে জুলাইয়ে ভারতের পরিষেবা খাত ১৩ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সম্প্রসারণ অর্জন করেছে। এসঅ্যান্ডপি গ্লোবালের ইন্ডিয়া সার্ভিসেস পারচেজিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই) জুনের ৫৮ দশমিক ৫ পয়েন্ট থেকে বেড়ে জুলাইয়ে ৬২ দশমিক ৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি ২০১০ সালের জুনের পর সর্বোচ্চ সূচক রিডিং। খবর দ্য হিন্দু।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ইকোনমিক সহযোগী পরিচালক পলিয়ানা ডি লিমা বলেন, ‘‌পরিষেবা খাতের স্থিতিস্থাপকতা ভারতের অর্থনীতির অত্যাবশ্যক। জুলাইয়ের পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের ফল দ্বিতীয় প্রান্তিকের সামগ্রিক জিডিপিতে এ খাতের উল্লেখযোগ্য অবদানের দিকে ইঙ্গিত করে।’

রয়টার্সের সর্বশেষ জরিপ অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ। সামগ্রিকভাবে চাহিদা জোরালো ছিল। যদিও নতুন ব্যবসায়িক সাব-ইনডেক্স দেখায় ২০২১ সালের আগস্ট থেকে চাহিদা বেড়েছে। তবে প্রবৃদ্ধির গতি ২০১০ সালের জুনের পরে সর্বোচ্চ ছিল। তাছাড়া আন্তর্জাতিক চাহিদাও জুলাইয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ২০১৪ সালের সেপ্টেম্বরের পর দ্বিতীয় শক্তিশালী স্তরে পৌঁছেছে।

২০২২ সালের জুনের পর থেকে অপারেটিং খরচ সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। যদিও তারা তাদের মূল্যনির্ধারণের কৌশল সম্পর্কে সতর্ক থাকার কারণে তিন মাসের মধ্যে সর্বনিম্ন গতিতে রয়েছে। পলিয়ানা ডি লিমা আরো বলেন, ‘‌সাম্প্রতিক মাসগুলোয় পিএমআই মূল্য সূচকগুলোর দিকে তাকালে মনে হয় প্রতিযোগিতামূলক বাজার সুবিধাগুলো ভারতীয় পরিষেবা খাতে চাহিদাকেই সমর্থন করেছে। অন্যান্য কয়েকটি দেশের তুলনায় এখানে আউটপুটের মূল্য বেশ বেড়েছে।’