যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। দিবসটি উপলক্ষে গতকাল সকালে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শোক র‍্যালি বের হয়, যা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিইউবিটির ট্রেজারার ও উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আলী আহমেদ এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। এ সময় মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। র‌্যালিতে বিইউবিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।