চলতি বছর দক্ষিণ কোরিয়ার চাল উৎপাদনের পরিমাণ ৯ শতাংশ বাড়বে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
রিপোর্টে বলা হয়, চলতি মৌসুমে দেশটির মোট চাল উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৩৮ লাখ ৩০ হাজার টনে। দেশটিজুড়ে চাল আবাদি জমি আবাদের পরিমাণ বেড়েছে। এটি উৎপাদন বাড়াতে সহায়তা করছে।
চলতি বছর দক্ষিণ কোরিয়ার ৭ লাখ ৩২ হাজার ৪৭৭ হেক্টর জমিতে ধান আবাগষদ করা হয়েছে, যা গত বছরের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। অনুকূল আবহাওয়ার কারণে আবাদও বেড়েছে। ইউএসডিএ এর আগে এক পূর্বাভাসে দেশটিতে মোট ৩৮ লাখ টন চাল উৎপাদনের তথ্য জানিয়েছিল। গত বছর মোট উৎপাদিত চালের পরিমাণ ছিল ৩৫ লাখ টন।
চলতি মৌসুমে দেশটির খানাপ্রতি চালের ব্যবহার দাঁড়াতে পারে ৫৫ দশমিক ৩ কেজিতে। এ সময় মোট চালের ব্যবহার ৩৯ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে বলে ইউএসডিএর পূর্বাভাসে উল্লেখ করা হয়।










