দেশের বাজারে নকল ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চকবাজার এলাকায় বিপুল পরিমাণ নকল পণ্য শনাক্ত করা হয় এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। হাভাস মিডিয়া বাংলাদেশ লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি সম্প্রতি ঢাকার চাঁনখারপুল সংলগ্ন চকবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এ সময় গ্রে চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে আনা ‘নবরত্ন’ ব্র্যান্ডের বিপুল পণ্য শনাক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে বহুজাতিক ও দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের হুবহু নকল পণ্য বাজারে প্রবেশ একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব পণ্য অননুমোদিত কারখানায় তৈরি হয় এবং গ্রে চ্যানেলের মাধ্যমে বাজারে আসে। এতে সরকার রাজস্ব হারায় আর ভোক্তারাও উচ্চ দামে নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হন।
তবে একই ব্র্যান্ডের মানসম্মত পণ্য ইমামী বাংলাদেশ লিমিটেড গাজীপুরে তাদের নিজস্ব কারখানায় উৎপাদন করে থাকে, যা তুলনামূলক কম দামে ভোক্তারা কিনতে পারেন। অনেক ভোক্তাই জানেন না যে, দেশেই পণ্যটি বৈধ ও মানসম্মতভাবে উৎপাদিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অভিযান চলাকালে ব্যবসায়ীরা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ১৫ দিনের সময় দেয়া হয় প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য। এ সময়ের মধ্যে তারা এসব পণ্য বিক্রি করতে পারবেন না।
প্রশাসন জানায়, এ ধরনের উদ্যোগ বাজারে শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে। পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষা ও বৈধ ব্যবসায়ীদের সুরক্ষাও নিশ্চিত হবে।—বিজ্ঞপ্তি










