গুচির নতুন ক্রিয়েটিভ ডিরেক্টরর হিসেবে যোগ দিয়েছেন সাবাতো দে সারনো। ফ্লোরেন্সভিত্তিক অভিজাত ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি ছিলেন ইতালির অন্যতম ব্র্যান্ড ভালেন্তিনোর সঙ্গে। কাজ করতেন জ্যেষ্ঠ ফ্যাশন ডিজাইনার হিসেবে। খবর রয়টার্স।
গুচিতে যোগদানের সঙ্গে কয়েকটি চ্যালেঞ্জও নিজ কাঁধে তুলে নিতে হচ্ছে তাকে। ২০১৫-১৯ সাল পর্যন্ত দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য পেয়েছে গুচি। ২০২১ সালে মূল প্রতিষ্ঠান কেরিংয়ের মোট আয়ের দুই-তৃতীয়াংশই আসত গুচি থেকে। তবে বর্তমান বছরগুলোয় অনেকটাই ভাটা পড়ে ব্র্যান্ডটির আয়ের অংকে। তাই ধারণা করা হচ্ছে, সাবাতো দে সারনোকে গুচির ভাগ্য ফেরানোর গুরুদায়িত্ব পালন করতে হবে।
৩৯ বছর বয়সী সাবাতোর পেশাজীবনের শুরু ২০০৫ সালে ফ্যাশন ব্র্যান্ড প্রাদাতে কাজের মাধ্যমে। সেখান থেকে যান ডলচে অ্যান্ড গাবানাতে। ২০০৯ সালে ভালেন্তিনোতে আসার পরই মূলত তার ক্যারিয়ারের উত্থান এখান থেকেই। এ সময় তিনি ইতালির পাশাপাশি বাইরের দেশগুলোয় ব্র্যান্ডের কার্যক্রম তদারকি করতেন। কাজ করছেন খ্যাতনামা ডিজাইনার পিয়েরপাওলো পিচলির সঙ্গে। আগামী সেপ্টেম্বরে মিলানে উইমেন’স ফ্যাশন উইকে গুচির রানওয়ে কালেকশন নিয়ে হাজির হবেন সাবাতো।
এদিকে নভেম্বরে আলেজান্দ্রো মিকেলের হঠাৎ প্রস্থানের পর দ্রুত তার স্থলে কাউকে নিয়োগের চাপ ছিল গুচির ওপর। আলেজান্দ্রো তার লিঙ্গ সচেতন ফ্যাশন বোধের জন্য বিখ্যাত। তাছাড়া হ্যারি স্টাইল আর লেডি গাগার অন্যতম পছন্দের ডিজাইনারও তিনি।










