কমে আসতে পারে আর্জেন্টিনায় ভুট্টা উৎপাদন। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে আর্জেন্টিনায় কৃষিপণ্যটির উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৪ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। এর জের ধরে এবারের মৌসুমে দেশটি থেকে ভুট্টা রফতানি আগের মৌসুমের তুলনায় ৪০ লাখ টন কমে যেতে পারে। আর্জেন্টিনায় ভুট্টা উৎপাদন ও দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমার পেছনে প্রতিকূল আবহাওয়াকে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
ভুট্টা উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় আর্জেন্টিনার অবস্থান পঞ্চম। কৃষিপণ্যটির রফতানিকারকদের তালিকায় দেশটি তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে আর্জেন্টিনায় সব মিলিয়ে ৪ কোটি ৮০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৪ শতাংশ কম। ২০১৯-২০ মৌসুমে দেশটিতে মোট পাঁচ কোটি টন ভুট্টা উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক মৌসুমের ব্যবধানে আর্জেন্টিনায় ভুট্টা উৎপাদন কমতে পারে ২০ লাখ টন।
এবারের মৌসুমে আবহাওয়া আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শুষ্ক থাকায় আর্জেন্টিনার কৃষিপ্রধান এলাকাগুলোয় পানি সংকট দেখা দিয়েছে। এর জের ধরে দেশটির কৃষকরা ভুট্টা আবাদে বিলম্ব করেছেন। বিশেষত কর্ডোবা, সান্তা ফে ও অ্যান্ট্রি রিওস প্রদেশগুলোয় অনেক কৃষক ভুট্টা রোপণের পরিকল্পনা থেকে সরে এসেছেন। অনেকেই নির্দিষ্ট সময়ের বেশ বিলম্বে কৃষিপণ্যটির রোপণ কার্যক্রম শুরু করেছেন। এর নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে কৃষিপণ্যটির সামগ্রিক উৎপাদনে। একই সঙ্গে আবহাওয়ায় লা নিনার প্রভাব আর্জেন্টিনায় পূর্বাভাস ভুট্টা উৎপাদন কমার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে।
ইউএসডিএর প্রতিবেদনে আরো বলা হয়েছে, উৎপাদন কমে আসায় এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি হ্রাস করতে আর্জেন্টিনার কৃষকরা ভুট্টার বিকল্প হিসেবে সয়াবিন উৎপাদনে ঝুঁকতে পারেন। কেননা সয়াবিন উৎপাদনে বিনিয়োগ করতে হয় তুলনামূলক কম। বাজারে দাম পাওয়া যায় ভালোই। আর্থিক লোকসানের ঝুঁকিও সীমিত।
এ সম্ভাবনা বিবেচনায় নিয়ে ইউএসডিএ আর্জেন্টিনার ভুট্টা রফতানির পূর্বাভাসও কমিয়ে দিয়েছে। গত মৌসুমে দেশটি থেকে ৩ কোটি ৭০ লাখ টন ভুট্টা রফতানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর বিপরীতে ২০২০-২১ মৌসুমে আর্জেন্টিনা থেকে ৩ কোটি ৩০ লাখ টন ভুট্টা রফতানির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে আর্জেন্টিনা থেকে ভুট্টা রফতানি কমতে পারে ৪০ লাখ টন।
এবারের মৌসুমের এখন পর্যন্ত আর্জেন্টিনার রফতানিকারকরা রফতানির জন্য সব মিলিয়ে ৮২ লাখ টন ভুট্টা আগাম কিনে রেখেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমের একই সময়ে আগাম ভুট্টা কেনার পরিমাণ ছিল ১ কোটি ৭ লাখ টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে রফতানির জন্য আগাম ভুট্টা কেনার পরিমাণ কমেছে ২৫ লাখ টন।










