এছাড়া বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। পাশাপাশি এদিন দেশের দুই শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও শুরু হবে। এর মাধ্যমে প্রশাসন, আর্থিক খাত ও বাণিজ্যিক কর্মকাণ্ডে আবারো কর্মচাঞ্চল্য ফিরতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতো আজ থেকে সকাল ১০টা-বেলা ৩টা পর্যন্ত ব্যাংকে গিয়ে গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বীমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আর ডিএসই ও সিএসইতে স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাতদিনের অবকাশ কাটানোর সুযোগ পান। ছুটি শেষে আজ সকাল থেকেই লাখো কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
ঈদের ছুটির সময় জরুরি প্রয়োজনে কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করলেও আজ থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু হবে।
সংশ্লিষ্টদের মতে, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস-আদালত ও ব্যাংকপাড়ায় উপস্থিতি তুলনামূলক কম থাকতে পারে। সাধারণত প্রথম দিন সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়েই কিছুটা সময় অতিবাহিত হয়।










