২০২৩ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে বেড়েছে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা, যা মহামারীপূর্ব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮৫ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এ অঞ্চল। খবর অ্যারাবিয়ান বিজনেস।
চলতি বছরে অঞ্চলটিতে বিদেশী পর্যটকের হার আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। এর আগে ২০১৯ সালের একই সময়ে দুবাইয়ে বিদেশী পর্যটকের সংখ্যা ছিল রেকর্ড ৮৩ লাখ ৬০ হাজার। তবে ২০২৩ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান ওই রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে দর্শনীয় গন্তব্য হিসেবে নিজের অবস্থান সুরক্ষিত করতে দুবাই প্রতিশ্রতিবদ্ধ।
বৈশ্বিক পর্যটনে সংযুক্ত আরব আমিরাতের এ অঞ্চল এরই মধ্যে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজের স্থান করে নিয়েছে। দুবাইয়ের যুবরাজ ও অঞ্চলটির নির্বাহী পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ড. শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি বলেন, ‘২০২৩ সালের প্রথমার্ধে উল্লেখযোগ্য হারে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি বিশ্বব্যাপী পর্যটন খাতে একটি উজ্জ্বল গন্তব্য হিসেবে দুবাইয়ের উত্থানের স্বাক্ষর বহন করে।
শুধু তাই নয়, একই সঙ্গে এটি বিস্তৃত বৈশ্বিক অর্থনৈতিক ল্যান্ডস্কেপে দুবাইয়ের আবির্ভাবকে তুলে ধরে।’
নানা উৎসব থেকে ব্যবসায়িক ইভেন্ট পর্যন্ত নানা আয়োজনের জন্য দুনিয়াজুড়ে দুবাইয়ের খ্যাতি রয়েছে। ২০২৩ সালের শেষের দিকে অঞ্চলটিতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।










