দেশের ব্যাংক খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ‘দ্য নেক্সট স্ট্যান্ডার্ড’ শীর্ষক উদ্যোগের আওতায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। এর অংশ হিসেবে ৩-৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) তিন দিনব্যাপী ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ প্রার্থী এতে অংশ নেন। নিয়োগের জন্য আবেদন করেছিলেন মোট ১৫ হাজার ৭০০ জন।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, আইবিএর পূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত এ নিয়োগ প্রক্রিয়ায় মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য মেধাবী, দক্ষ ও সম্ভাবনাময় তরুণদের কর্মীবাহিনীতে যুক্ত করাই মূল লক্ষ্য।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বাস, পেশাদারত্ব, উদ্ভাবন ও উৎকর্ষের মূল্যবোধ ধারণ করে আধুনিক, দক্ষ ও গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যেতে চায় ব্যাংকটি। নতুন প্রজন্মকে ব্যাংকিং পেশায় সম্পৃক্ত করে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনেও প্রতিশ্রুতিবদ্ধ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক।