মৎস্য খাতের সরবরাহ চেইনে জড়িত শ্রমিকদের শ্রম আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর মাধ্যমে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিতে হবে। বছরের একটা দীর্ঘ সময় সামুদ্রিক মৎস্য শ্রমিকদের কর্মহীন থাকতে হয়। কিন্তু এ সময়ে যে অনুদান প্রয়োজন, তা তাদের দেয়া হয় না। আবার একটি বড় অংশ অনুদান থেকে বঞ্চিত হয়। সার্বিকভাবে তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) আয়োজিত মৎস্যজীবীদের আইনি ও সামাজিক সুরক্ষা: প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
বিল্সের সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ। এ সময় তিনি বলেন, ‘মৎস্য খাতের শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা মানা হয় না। প্রায় অর্ধেক মৎস্যজীবী জানিয়েছেন তাদের কর্মঘণ্টা নির্ধারিত নয়। তাদের বিরতি নেই। একটি বড় অংশ কোনো সাপ্তাহিক ছুটি পান না। চিংড়িশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০২২ সালে ৬ হাজার ৭০০ টাকা করা হয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো প্রচার হয়নি।’
তিনি আরো বলেন, ‘মৎস্য শ্রমিকদের বেশির ভাগ এখনো সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। কেউ আহত হলে মাত্র ২৯ শতাংশ পরিবার সহযোগিতা পান। মৃত্যুবরণ করলে মাত্র ৬ শতাংশ পরিবার সহযোগিতা পান। সরকারিভাবে মৎস্যজীবীদের একটি ডাটাবেজ তৈরি করতে হবে এবং তাদের আইডি কার্ড দিতে হবে। অনেকেই সমুদ্রে গিয়ে ফিরে আসছেন না। সে কোথায় আছে, সে বিষয়ে সরকারও তথ্য দিতে পারছে না। আবার বিভিন্ন পরিসংখ্যানের তথ্য নিয়ে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। তথ্যে ঘাটতি নীতিনির্ধারণের জন্য বড় প্রতিবন্ধকতা। দাদন ব্যবস্থার মাধ্যমে অনেক মৎস্যজীবী নিঃস্ব হয়ে যাচ্ছেন। এজন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা এবং এর প্রাপ্যতা সহজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিল্সের উপদেষ্টা ও জাতীয় মৎস্য শ্রমিক অধিকার ফোরামের আহ্বায়ক নইমুল আহসান জুয়েল। তিনি বলেন, ‘সরকারি বিভিন্ন সেক্টরে ঝুঁকি ভাতা রয়েছে। কিন্তু মৎস্যজীবীরা এত ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরেন। তাদের জন্য কোনো ঝুঁকিভাতার ব্যবস্থা নেই। তারা আছেন, নাকি নেই, সে তথ্যও সংগ্রহ করা হয় না। সরকার যদি সমুদ্রে মৎস্য আহরণ করা নৌযান থেকে ট্যাক্স সংগ্রহ করতে পারে, তাহলে ডাটাবেজও তৈরি করতে পারে। দাদনপ্রথাকে নির্মূল করতে হবে।’
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা বেগম এবং বিল্স ও জাতীয় মৎস্য শ্রমিক অধিকার ফোরামের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।










