বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেছেন। এ সময় বাংলাদেশের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গণমাধ্যমকে বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। তারা আমাদের সাহায্য করতে চায়। বহু শতাব্দী ধরে তারা আমাদের সঙ্গে কাজ করছে এবং তারা বাংলাদেশের পরিস্থিতি বোঝে। তাদের অভিজ্ঞতাও রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা সহায়তা করতে চায়। তারা কীভাবে আমাদের সহায়তা করতে পারে আমরা সেটি জানতে চেয়েছি। আমি তাদের বলেছি, তোমরা এখানে অনেকদিন ধরে আছ, তোমরা দেখ আমাদের কীভাবে সাহায্য করতে পার।’
অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। সফল ও টেকসইভাবে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের উন্নীত হওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কার ইস্যুতে দুই দেশ কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। কারণ সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশের বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে।’
ব্রিটিশ হাইকমিশনারের পর অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেন, ‘অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতা ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চাই।’ ফ্রান্স থেকে এয়ারবাস ক্রয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এজেন্ডায় এমন কোনো আলোচনা ছিল না। অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।’ কোন কোন খাতে এ সংস্কারের বিষয়টি বলা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রমবাজার ও বিনিয়োগ কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। যাতে ইউরোপের বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়। যে কারণে বাংলাদেশের অনেক ক্ষেত্রে সংস্কারের দরকার আছে।’










