তামা খাতকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে উজবেকিস্তান। ঊর্ধ্বমুখী বৈশ্বিক চাহিদা ও সংকট থেকে উত্তরণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ধাতুটির উত্তোলন নতুন মাত্রায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে দেশটির। খবর সিনহুয়া।

উজবেক প্রেসিডেন্টের জনসংযোগ দপ্তর জানায়, বর্তমানে উজবেকিস্তানের বার্ষিক তামা উৎপাদন লক্ষমাত্রা ১ লাখ ৪৮ হাজার টন। তবে আগামী পাঁচ বছরের মধ্যে এ লক্ষ্যমাত্রা বাড়িয়ে চার লাখ টনে উন্নীত করা হবে।

মধ্য এশিয়ার দেশটি গত পাঁচ বছরেও উল্লেখযোগ্য হারে তামা উৎপাদন বাড়িয়েছে। ২০২০ সালে উৎপাদন দেড়গুণ বেড়ে ১ লাখ ৪৮ হাজার টনে পৌঁছেছে। ব্যবহারিক ধাতুটির রফতানি করে দেশটি এ সময় আয় করেছে প্রায় ২৫০ কোটি ডলার। সম্প্রতি এক বৈঠকে উজবেক প্রেসিডেন্ট এসব পরিকল্পনার কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে জনসংযোগ দপ্তর। বৈঠকে আরো বলা হয়, তামা শিল্পকে আরো শক্তিশালী করতে জোর দিচ্ছে দেশটির সরকার। এ খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণও নিশ্চিত করা হচ্ছে।

সম্প্রতি উজবেকিস্তান দেশে উৎপাদিত তামার ৬০ শতাংশ রফতানি করেছে। তবে দেশটির খাতসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, উজবেকিস্তান অপরিশোধিত তামার পরিবর্তে পরিশোধিত তামাজাত পণ্য রফতানিতে মনোযোগ বাড়াচ্ছে।