আন্তর্জাতিক বাজারে কমেছে তুলার দাম। বুধবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) পণ্যটির দাম তিন সপ্তাহের সর্বনিম্নে নেমে যায়।
মূলত ডলারের বিনিময়মূল্য স্বল্পমাত্রায় বৃদ্ধি পাওয়ায় নিম্নমুখী হয়েছে তুলার বাজার। খবর বিজনেস রেকর্ডার।
আইসিইতে দিনের মাঝামাঝি সময়ে তুলার ডিসেম্বরের সরবরাহ চুক্তিমূল্য দশমিক ৪৭ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কমে পাউন্ডপ্রতি ৮৪ ডলার ৩৪ সেন্টে নেমে যায়। এ দিন পাউন্ডপ্রতি ৮৪ ডলার ১৮ সেন্ট থেকে ৮৫ ডলার ৯ সেন্টে পণ্যটি লেনদেন করা হয়।
বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, অন্যান্য দেশের মুদ্রার বিপরীতে ডলারের বিনিময়মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। ফলে অন্য মুদ্রাধারী দেশগুলোর ক্রেতাদের জন্য ডলারে বিনিময়যোগ্য তুলার দাম বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের ওহাইওভিত্তিক পণ্যবাজার প্রতিনিধি প্রতিষ্ঠান ভার্নার ব্রোকারেজের প্রেসিডেন্ট রজার্স ভার্নার বলেন, আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরে তুলার চাহিদা ঊর্ধ্বমুখী, যা বাজারকে চাঙ্গা রেখেছে। পণ্যটির এ দরপতন সাময়িক ও স্বল্পমাত্রার। বিশ্ব অর্থনীতি করোনার ধাক্কা সামলে জোরালো হচ্ছে। এতে তুলার চাহিদা আগামীতে আরো বাড়বে। তবে চাহিদা ও বাজারের উত্থান-পতনে আবহাওয়ার বড় প্রভাব রয়েছে।










