বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জাপানকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ গাড়ি রফতানিকারক দেশ হয়েছে চীন। এ তথ্য প্রকাশ করেছে বেইজিং। খবর বিবিসি।

গত সপ্তাহে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়, চীন এই সময়ের মধ্যে ১০ লাখ ৭০ হাজার যানবাহন রফতানি করেছে। যা ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথম তিন মাসে জাপানের রফতানি ছিল নয় লাখ ৫৪ হাজার ১৮৫টি, যা এক বছরের আগের তুলনায় ছয় শতাংশ বেড়েছে।

বৈদ্যুতিক গাড়ির চাহিদা ও রাশিয়ায় বিক্রি বৃদ্ধি চীনের রফতানিতে প্রভাব ফেলেছে।

এর আগে গত বছর জার্মানিকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক হয়ে উঠে দেশটি। ওই সময় জার্মানির ২৬ লাখের তুলনায় চীন রফতানি করে ৩২ লাখ গাড়ি।

প্রতিবেদনে বলা হয়, জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়া চীনের মোটর শিল্পের উত্থানে সাহায্য করেছে।

বৈদ্যুতিক গাড়িসহ নিউ এনার্জি ভেহিকলস (এনইভি) খাতে প্রথম প্রান্তিকে রফতানি এক বছরের আগের তুলনায় ৯০ শতাংশ বেড়েছে। এ খাতে শীর্ষ রফতানিকারকদের মধ্যে রয়েছে টেসলার চীনা অংশ এসএআইসি ও মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের বিওয়াইডি।

ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে রফতানি বেড়েছে চীনের। ফক্সওয়াগন ও টয়োটার মতো প্রতিদ্বন্দ্বীরা এ সময় বাজার ছাড়ে। ফলশ্রুতিতে দ্রুত চীনা গাড়ি গিলি, চেরি ও গ্রেট ওয়ালের অংশীদারিত্ব বাড়ে বাজারে।