মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ভয়াবহ খরা দেখা দিয়েছে। এতে দেশটির বেশির ভাগ অঞ্চলে খাদ্যশস্য উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষিপণ্য-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে ইনফর্মের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাজাখ গ্রেইন ইউনিয়নের বিশেষজ্ঞরা দেশটির সংবাদ সংস্থা এলএস এজেন্সিকে জানান, খাদ্যশস্য উৎপাদন নিয়ে করা প্রাথমিক পূর্বাভাস খাদ্যশস্য উৎপাদনে ব্যাপক বিপর্যয়ের ইংগিত দিচ্ছে। তবে এখনো চূড়ান্তভাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

তারা আরো জানান, মৌসুমের শুরুর দিকে যেসব শস্য আবাদ করা হয়েছে, তা এরই মধ্যে খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কাজাখস্তানের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ায় কিছুটা আশার সঞ্চার হয়েছে। দেশটির অন্যান্য অঞ্চলে বৃষ্টির দেখা মিললে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটির খাদ্যশস্য উৎপাদন ১৩ লাখ টন কমে ১ কোটি ২৫ লাখ টনে নেমে আসতে পারে।