আট পণ্য উৎপাদনকারী ও দুই সেবা সরবরাহকারীর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে সম্প্রতি (২০ সেপ্টেম্বর) জারি করা এক সাধারণ আদেশে এ বাধ্যবাধকতা আরোপ করা হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর আওতায় নির্দিষ্ট পণ্য ও সেবার সরবরাহকারীদের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, উৎপাদন পর্যায়ে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ—এই আট ধরনের পণ্যের উৎপাদনকারীদের অনলাইনে দাখিলপত্র জমা দিতে হবে। একইভাবে সেবা পর্যায়ে বীমা এবং ব্যাংকিং, নন-ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারীদের জন্যও এ বাধ্যবাধকতা কার্যকর করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নির্ধারিত পণ্য বা সেবার পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে। অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করার বিষয়ে আগে এনবিআরের কোনো আদেশ জারি হয়ে থাকলে নতুন আদেশ জারির পর সেসব আদেশ বাতিল বলে গণ্য হবে। তবে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত পণ্য ও সেবার তালিকায় সংশোধন, সংযোজন বা বিয়োজনের ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে।

এনবিআর জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশটি বাস্তবায়নে সংশ্লিষ্ট মূসক কমিশনারেট, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।