ভেনিজুয়েলার জ্বালানি তেল রফতানি খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা চলছে। এর পরও কিছু মিত্র দেশ ভেনিজুয়েলা থেকে নামে-বেনামে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। যদিও গত মাসে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানিতে রেকর্ড পতন দেখা গেছে। এ সময় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় রফতানি চার লাখ ব্যারেলের নিচে নেমে গেছে। খবর রয়টার্স ও সিএনবিসি।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পিডিভিএসএর বরাতে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে ভেনিজুয়েলা থেকে মিত্র দেশগুলোয় প্রতিদিন গড়ে ৩ লাখ ৫৯ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। দেশটির ইতিহাসে ১৯৪৩ সালের পর কখনই জ্বালানি পণ্যটির দৈনিক রফতানি এতটা কমেনি।

ভেনিজুয়েলার বামপন্থী শাসন ব্যবস্থা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ঐতিহাসিক বিরোধ রয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মূলত এ কারণে মাদুরো সরকারকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে ভেনিজুয়েলার প্রধান রফতানিপণ্য জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। এক সময়ে সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলাকে চাপে ফেলতে অনেকটাই সফল হয়েছেন তিনি।

তবে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছিল চীন, ভারত, ইতালি, স্পেনের কয়েকটি জ্বালানি প্রতিষ্ঠান।