বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এই অংশীদারত্বের আওতায় দেশের পোশাক শিল্প কর্মীদের কল্যাণ, ফুটবলের প্রসার ও ‘মেড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনকে বিশ্বদরবারে তুলে ধরা হবে। এ উপলক্ষে গতকাল রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বাফুফের সভাপতি তাবিথ আউয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

এই অংশীদারত্বের প্রধান লক্ষ্য যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ, প্রতিভা বিকাশ ও ক্রীড়াসংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পোশাক শিল্প কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের ফুটবলের অগ্রগতিতে অবদান রাখা।

গুরুত্বপূর্ণ সহযোগিতা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—বিজিএমইএকে ফুটবল ইভেন্ট আয়োজনে কারিগরি দল ও প্রশিক্ষণ সহায়তা দেবে বাফুফে। পোশাক কর্মীদের রেফারি ও কোচিং লাইসেন্সের মতো সফট স্কিলে প্রশিক্ষণ দিতেও সহায়তা করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান (বাবলু), সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, আসেফ কামাল পাশা ও মোহাম্মদ সোহেল, স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান, প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির এবং ব্র্যান্ডিং-বিজিএমইএ কমিটির চেয়ারম্যান খান মনিরুল ইসলাম (শুভ)। বাফুফের পক্ষে ছিলেন সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ও নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন।