ভিয়েতনামে কফি রফতানি কমার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ১৭ দশমিক ৬ শতাংশ কমতে পারে। এ সময়ে দেশটির কফি রফতানির পরিমাণ ছিল ৫ লাখ ৬৩ হাজার টন। একই সময়ে দেশটির চাল রফতানি কমবে আনুমানিক ১০ দশমিক ৮ শতাংশ। গগতকাল প্রকাশিত দেশটির সরকারি তথ্য অনুযায়ী এমনটা জানা গেছে। খবর রয়টার্স।
ভিয়েতনামের সাধারণ পরিসংখ্যান অফিস (জিএসও) জানায়, চলতি বছরের প্রথম চার মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির কফি রফতানি ১৭ দশমিক ৬ শতাংশ কমতে পারে। রফতানি হ্রাসের এ পরিমাণ হিসাব করলে তা ৯৩ লাখ ৮০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফির সমপরিমাণ।
জিএসও বলছে, চলতি বছরের প্রথম চার মাসে ভিয়েতনামের কফি রফতানিতে রাজস্ব আয় ১১ দশমিক ৬ শতাংশ কমে ১০২ কোটি ডলারে পৌঁছেছে। দেশটির এপ্রিলে কফি জাহাজীকরণের পরিমাণ ছিল ১ লাখ ১০ হাজার টন, যার রাফতানি মূল্য ২০ কোটি ৯০ লাখ ডলার।
এদিকে বছরের প্রথম চার মাসে গত বছরের একই সময়ের তুলনায় চাল রফতানির পরিমাণ ১০ দশমিক ৮ শতাংশ কমে ১৮ লাখ ৯০ হাজার টনে দাঁড়াতে পারে বলেও ধারণা করছে জিএসও।
জিএসওর পূর্বাভাস বলছে, রফতানি কমলেও চাল থেকে গত বছরের এ সময়ের তুলনায় অন্তত ১ দশমিক ২ শতাংশ বেশি রাজস্ব আয় করতে পারবে দেশটি। জিএসও আশা করছে, বছরের প্রথম চার মাসে চাল রফতানির রাজস্ব আয় দাঁড়াবে ১০১ কোটি ডলারে। এপ্রিলে ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ ছিল সাত লাখ টন, যার রফতানি মূল্য ৩৬ কোটি ২০ লাখ ডলার।










