জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা বাড়াতে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ জলবায়ুবিষয়ক দূত শি জেনহুয়া। রোববার মিসরের শারম আল-শেখ শহরে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ২৭) চীনের প্যাভিলিয়ন থেকে তিনি এ কথা বলেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

জলবায়ু পরিবর্তনের বিপর্যয় মোকাবেলা করতে চীনা কূটনীতিকের এ আহ্বান বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বক্তব্যটি যথাযথ সময়েই দিয়েছেন। কেননা জাতিসংঘের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা আগামী দুই সপ্তাহের মধ্যেই গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে সম্পর্কিত ক্ষতির মুখে পড়া দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন।

সম্মেলনে দেয়া বক্তব্যে জেনহুয়া বলেন, আমি আশা করছি এবারের সম্মেলনটি উন্নয়নশীল দেশগুলোর চাহিদা যতটা সম্ভব পূরণ করবে, যেহেতু সম্মেলনটি মিসরের মতো একটি উন্নয়নশীল দেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, এ বছরের শীর্ষ সম্মেলন কার্বন নিঃসরণ হ্রাস, অর্থায়ন, অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন অনুযায়ী সমস্যা সমাধান করতে পারবে।

জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি প্রথমবারের মতো কপ২৭ শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে আসায় এটি বেশ গুরুত্ব পাবে বলেই মনে হচ্ছে। কপ২৭ সভাপতি সামেহ শউকরি রোববার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, ক্ষতিপূরণসংক্রান্ত চুক্তির বিষয়টি জলবায়ু বিপর্যয়ের শিকার হওয়া দেশগুলোর প্রতি অন্যান্য দেশের সংহতি ও সহানুভূতির বহিঃপ্রকাশ।