সেপ্টেম্বরে ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল মার্কিন খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাপ। কয়েক মাসের ব্যবধানে এর তুলনায় তিন গুণের বেশি কর্মী ছাঁটাইয়ের নতুন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার গ্যাপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় অপ্রয়োজনীয় খরচ হ্রাসের অংশ হিসেবে ১ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে তারা। খবর সিএনবিসি।

ছাঁটাইয়ের নতুন সিদ্ধান্তটি গ্যাপের সদর দপ্তরে কর্মরত নেতৃস্থানীয় কর্মীদের পাশাপাশি আঞ্চলিক স্টোরের শীর্ষস্থানীয় কর্মী—যারা মূল অফিসের বাইরে নেতৃত্ব দিয়ে আসছেন, তাদের প্রভাবিত করবে বলে সংস্থাটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে পোশাক বিক্রয়ের নিম্নমুখিতা প্রতিষ্ঠানটির মুনাফায় বড় ধরনের প্রভাব ফেলছে। এজন্য মুনাফায় ভারসাম্য আনার প্রচেষ্টা হিসেবে বাড়তি খরচ কমাতে আগ্রহী গ্যাপ। বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী বব মার্টিন জানান, ছাঁটাইয়ের মাধ্যমে বার্ষিক ৩০ কোটি ডলার সঞ্চয় হবে বলে তারা আশা করছে।

সিকিউরিটিজ নথি অনুসারে, ২০২৩ সালের মধ্যে খরচের অর্ধেক সঞ্চয়ের প্রত্যাশা করছে গ্যাপ। পাশাপাশি জুলাই নাগাদ ছাঁটাই কার্যক্রম শেষ করতেও আগ্রহী তারা। এ সম্পর্কে মার্টিন আরো বলেন, ‘‌ভবিষ্যতের জন্য গ্যাপ ইনকরপোরেটেডকে নতুন মাত্রা দিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

চলতি বছর গ্যাপের স্টক কমেছে প্রায় ১৬ শতাংশ। তবে বৃহস্পতিবার শেয়ার প্রায় অর্ধ শতাংশ পয়েন্ট বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ প্রায় সাড়ে ৩৫০ কোটি ডলার।

সিকিউরিটিজ নথি অনুসারে ছাঁটাইয়ের আনুষ্ঠানিকতা মেটানোর জন্য গ্যাপের ১০-১২ কোটি ডলার খরচ হবে। যদিও সংস্থাটি কর্মচারীসম্পর্কিত খরচ মেটানো বাবদ সাড়ে ৭ কোটি থেকে সাড়ে ৮ কোটি ডলার এবং পরামর্শ ও আনুষঙ্গিক খরচ বাবদ সাড়ে ৩ কোটি ডলার খরচের পরিকল্পনা করছে।

তদারককারী সংস্থার কাছে পাঠানো নথিতে দেখা গেছে, জানুয়ারির শেষ নাগাদ প্রতিষ্ঠানটি প্রায় ৯৫ হাজার নতুন কর্মী নিয়োগ করে। যাদের মধ্যে ৮১ শতাংশ খুচরা বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

২৮ জানুয়ারিতে শেষ হওয়া প্রতিষ্ঠানটির তিন মাসের বিক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৪ কোটি ডলার। বছরওয়ারি বিক্রয়ের পরিমাণ কমেছে ৬ শতাংশ। এছাড়া প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি লোকসান গুনেছে ৭৫ সেন্ট এবং মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৩০ লাখ ডলার।