পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে জুট স্পিনার্সের শেয়ারদর ছিল ৪৪৫ টাকা ৯০ পয়সা। সপ্তাহ শেষে এ দর কমে দাঁড়িয়েছে ৩৭৯ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬৬ টাকা ৪০ পয়সা বা ১৪ দশমিক ৮৯ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির মোট ৩ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৭৩ লাখ ৮৩ হাজার টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জুট স্পিনার্সের শেয়ারপ্রতি লোকসান ৩৫ টাকা ৪ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩২ টাকা ৫০ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৮৩ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৩ টাকা ৪৫ পয়সায়।
লোকসানের কারণে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি জুট স্পিনার্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৪ টাকা ৮৪ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৪৪ টাকা ৫৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ৪৩৮ টাকা ৪২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৯৩ টাকা ৫৭ পয়সায়।










