অর্থনৈতিক বৈচিত্র্যকরণ প্রচেষ্টা ও জ্বালানি তেল-বহির্ভূত খাতের দৃঢ় সম্প্রসারণে ‘ভিশন ২০৩০’ নামের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে সৌদি আরব। এ প্রচেষ্টার অংশ হিসেবে চলতি বছরও দেশটিতে রিয়েল এস্টেট খাতে প্রবৃদ্ধি বজায় থাকতে পারে। সম্প্রতি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেএলএল। খবর আরব নিউজ।

সর্বশেষ প্রতিবেদনে জেএলএল জানায়, ২০২৫ সালে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী থাকবে। এতে নেতৃত্ব দেবে সৌদি আরব। চলতি বছর সৌদি আরবের জ্বালানি তেল-বহির্ভূত খাতে প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি।

উল্লেখ্য, জিসিসি হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।

জেএলএল আরো জানায়, সৌদি আরবের নির্মাণ খাত গত বছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রেখেছে। এ সময় খাতটিতে মোট বরাদ্দের পরিমাণ ছিল ২ হাজার ৯৫০ কোটি ডলার।

রিয়েল এস্টেট খাত সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দেশটি নিজেকে একটি বৈশ্বিক পর্যটন ও ব্যবসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এছাড়া দীর্ঘদিনের জ্বালানি তেলনির্ভর আয় থেকে নির্ভরশীলতা কমানোর চেষ্টা করা হচ্ছে।

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি পূর্বাভাস দিয়েছে যে ২০২৯ সালের মধ্যে প্রপার্টি মার্কেট ১০ হাজার ১৬২ কোটি ডলারে পৌঁছতে পারে। এ সময় বার্ষিক বৃদ্ধির হার হতে পারে ৮ শতাংশ।