ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর থেকে শস্যবাহী আরো দুটি জাহাজ ছেড়ে গেছে। জুমরুত আনা এবং এমভি ওশান এস নামের জাহাজ দুটিতে যথাক্রমে ৬ হাজার ৩০০ টন সূর্যমুখী তেল এবং ২৫ হাজার টন গম রয়েছে। গতকাল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে জাতিসংঘের সমঝোতায় শস্য রফতানি চুক্তির অধীনে ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দর থেকে মোট ২৭টি জাহাজ ছেড়ে যায়। ইউক্রেনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষ শনিবার বলেছে, তিনটি ইউক্রেনীয় সমুদ্রবন্দর সাতটি জাহাজে খাদ্য বোঝাই করা শুরু করেছে, যা গ্রাহকদের কাছে ৬৬ হাজার ৫০০ টন গম, ভুট্টা ও সূর্যমুখী তেল সরবরাহ করবে।

ইউক্রেনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনীয় এসব খাবার ফ্রান্স, সুদান, তুরস্ক ও নেদারল্যান্ডসে পৌঁছে দেয়া হবে। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ জানান, কৃষ্ণ সাগরীয় বন্দরে আরো ১০টি পণ্যবাহী জাহাজে শস্য বোঝাই করা হচ্ছে এবং চালানের জন্য প্রস্তুত হচ্ছে। তিনি আরো বলেন, এরই মধ্যে ইউক্রেনের তিনটি বন্দর থেকে ২৫টি জাহাজ পাঠানো হয়েছে, যার মধ্যে ৬ লাখ ৩০ হাজার টন কৃষিপণ্য রয়েছে।