৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৫০ শতাংশ স্টক লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে লিবরা ইনফিউশনস লিমিটেড। সম্মতি পাওয়া সাপেক্ষে এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৭৮ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ টাকায়। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস।










