গতকাল রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়। দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। চুক্তি সই অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ তারেক খান, খন্দকার তৌফিক হোসেন খান প্রমুখ।
নগদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ ও রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘মিডল্যান্ড ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করে। নগদের সঙ্গে এ চুক্তির মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবার এখন থেকে আরো দ্রুত ও সহজে রেমিট্যান্স সেবা পাবেন।’
এ সময় নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘এ চুক্তির ফলে সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ খুব সহজেই তাৎক্ষণিকভাবে প্রাপক নগদ ওয়ালেটে পৌঁছে যাবে। উপকারভোগীরা চাইলে যেকোনো সময় এ অর্থ যেমন নগদ ওয়ালেট থেকে ব্যবহার করতে পারবেন, একইভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা নগদের তিন লক্ষাধিক উদ্যোক্তা পয়েন্ট থেকেও সবচেয়ে কম খরচে টাকা ক্যাশআউট করে নিতে পারবেন।










