সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কিনা সে-সম্পর্কিত কমপ্লায়েন্স রিপোর্ট জমা না দেয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির কাছে কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি চারটি হলো প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড ও এসএস স্টিল লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রিমিয়ার সিমেন্ট: সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় গত ২৮ মার্চ অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৬ মার্চ।
ওইমেক্স ইলেকট্রোড: সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। এরই মধ্যে কোম্পানির এজিএমে এ লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৭ ফেব্রুয়ারি।
বিচ হ্যাচারি: সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। এরই মধ্যে কোম্পানির এজিএমে এ লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বছরের ১২ ডিসেম্বর।
এসএস স্টিল: সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ। এরই মধ্যে কোম্পানির এজিএমে এ লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২২ ফেব্রুয়ারি।










