সিঙ্গাপুরকে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এক্ষেত্রে আমদানি পণ্যে পোশাকের পাশাপাশি কৃষিপণ্যকেও অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনার ই ই ডেরেক লোর সঙ্গে সাক্ষাৎকালে গতকাল বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ এবং রোজ ইনটিমেটস লিমিটেডের পরিচালক সঞ্জয় কুমার নাহা।
এ সাক্ষাতের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারকরণ এবং সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য উপায়গুলো খুঁজে বের করা । তারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সফর বিনিময় বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সিঙ্গাপুর ভ্রমণকারী বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য ভিসা ও কনস্যুলার সেবা সহজতর করার গুরুত্ব তুলে ধরেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক জোরদারে হাইকমিশনের ভূমিকার ওপর জোর দিয়ে হাইকমিশনারকে ভ্রমণ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিতে অনুরোধ জানান।
হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো গভীর করতে হাইকমিশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধি দলকে।
এদিকে একই দিন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিএসএ ইন্টারন্যাশনাল লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আলফ্রেড সিম এবং গ্রুপ বিজনেস ডেভেলপমেন্টের অ্যাসিস্ট ভাইস প্রেসিডেন্ট লিম ওয়েই চিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে সিঙ্গাপুর বন্দর দিয়ে বাংলাদেশী রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ার ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।










