টানা দুই মাস পতনের পর ঊর্ধ্বমুখী হয়েছে হংকংয়ের খুচরা বিক্রি। এপ্রিলে শহরটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কভিডজনিত বিধিনিষেধ শিথিল এবং সরকারি প্রণোদনা বিক্রি বাড়াতে সহায়তা করেছে। খবর রয়টার্স।
এশিয়ার আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত হংকংয়ের কভিডজনিত কঠোর বিধিনিষেধের কারণে খুচরা খাত চাপের মধ্যে রয়েছে। যদিও সরকার আশা করছে, সংক্রমণের সংখ্যা কমে আসায় এবং বিধিনিষেধ সহজ হওয়ায় খাতটি দ্রুত পুনরুদ্ধার হবে। এপিলে খুচরা বিক্রির পরিমাণ ৩ হাজার ২০ কোটি হংকং ডলারে (৩৮৫ কোটি ডলার) পৌঁছেছে। মার্চে শহরের খুচরা বিক্রি ১৩ দশমিক ৮ শতাংশ কমে গিয়েছিল।
সরকারি একজন মুখপাত্র জানিয়েছেন, যদি মহামারী পরিস্থিতি স্থিতিশীল থাকে তবে খুচরা খাতের পুনরুদ্ধারে পদক্ষেপ নেয়া চালিয়ে যাওয়া উচিত। এক্ষেত্রে ভাউচার স্ক্রিম ও অন্যান্য সরকারি প্রণোদনামূলক পদক্ষেপ সহায়তা করতে পারে।
পরিমাণের হিসেবেও এপ্রিলে খুচরা বিক্রি ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। যেখানে মার্চে ১৬ দশমিক ৮ শতাংশ কমে গিয়েছিল। চলতি বছরের প্রথম চার মাসে অর্থের হিসেবে খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ কমেছে। পরিমাণের হিসেবে এ কমার হার ৬ দশমিক ১ শতাংশ।
ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের শুরুতে কভিডজনিত বিধিনিষেধ আরো কঠোর করে হংকং। এতে ব্যবসাগুলো বিপর্যয়ের মুখে পড়ায় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।










