দেশের সিমেন্ট শিল্পে যে পাঁচ ধরনের কাঁচামাল
প্রয়োজন হয় তার সবগুলোই আমদানি করতে হয়। ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে সিমেন্ট
উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার
প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত
বাজেটে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, যে কোনো ভৌত অবকাঠামো নির্মাণের অন্যতম
উপকরণ সিমেন্ট, লোহা ও লোহাজাত পণ্য। এসব পণ্য উৎপাদনে নিয়োজিত
শিল্প প্রতিষ্ঠানকে কর সুবিধা দেয়া হলে ভৌত অবকাঠামো নির্মাণ সহজ ও সাশ্রয়ী হবে।
এর পরিপ্রেক্ষিতে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৩
শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে সিমেন্ট, লোহা ও লোহাজাত পণ্য সরবরাহের বিপরীতে
উৎসে কর কর্তনের হারও ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করা হয়।
এর ফলে দেশে এসব শিল্পের আরো বিকাশ হবে বলে
মনে করেন অর্থমন্ত্রী। পাশাপাশি
এরা দেশের অবকাঠামোগত উন্নয়নেও অবদান রাখবে বলে তার প্রত্যাশা।










