বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রণালয়ের অফিস কক্ষে গতকাল বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়া, সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূতদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী ও গতিশীল নেতৃত্বে বিগত বছরগুলোয় যোগাযোগ, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষাসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, যা ২০২৬ সাল থেকে কার্যকর হবে। এর ফলে বাংলাদেশ সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি কিছু চ্যালেঞ্জ আসবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রস্তুতি নিচ্ছে। এ সময় বিদেশী বন্ধুরাষ্ট্রগুলোকে পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান টিপু মুনশি।’
তিনি আরো বলেন, ‘২০২৬ সালের পর তিন বছর বাংলাদেশ ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখার বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ সময়ের মধ্যে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সরকার বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। বিভিন্ন সেবা ও পরিষেবা অনুমোদনে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশী বিনিয়োগ আসছে। এ সময় রাষ্ট্রদূতদের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারপ্রধানদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ড বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘বিশ্বের অনেক দেশই এখন নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ করছে। এক্ষেত্রে সুইডেন সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।
অন্যদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রাইড রেংগলির প্রতি বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের কৃষিসহ অন্যান্য খাতে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান। এ সময় সরকারের উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত পণ্য বৈচিত্র্যকরণে সহযোগিতা ছাড়াও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রীকে আহ্বান জানান।










