ব্যবসা সম্প্রসারণে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান জেএম ফ্যাব্রিক্স লিমিটেড (জেএমএফএল)। কারখানার ভারসাম্য, আধুনিকায়ন, প্রতিস্থাপন ও সম্প্রসারণ (বিএমআরআই) পরিকল্পনার অংশ হিসেবে এটির অনুমোদন দেয় মালেক স্পিনিং মিলসের পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সিমলেস ফ্যাসিলিটিস, ইয়ার্ন টেক্সচারিং, কভারিং ফ্যাসিলিটি ও অন্যান্য ফ্যাসিলিটির জন্য এ বিনিয়োগ জেএমএফএলের অভ্যন্তরীণ উৎস ও ব্যাংকঋণ থেকে সংগ্রহ করা হবে। এ বিনিয়োগের ফলে জেএমএফএলের ফ্যাব্রিক্স উৎপাদন বছরে ৫ কোটি ২৯ লাখ ৪৪ হাজার পিস থেকে বেড়ে ৫ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার পিস হবে। এর ফলে বিক্রি ও মুনাফা বাড়বে বলে আশা করছে কোম্পানিটি। এছাড়া মালেক স্পিনিংয়ের পর্ষদ তাদের গাজীপুরের সফিপুরের কারখানা প্রাঙ্গণে জেএমএফএলকে ৫২ হাজার স্কয়ার ফিট গুদাম ব্যবহারের অনুমোদন দিয়েছে। এজন্য প্রতি মাসে জেএমএফএলকে প্রতি স্কয়ার ফিটের জন্য ১৫ টাকা ভাড়া গুনতে হবে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মালেক স্পিনিং মিলসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৯১ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৮১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৭৮ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মালেক স্পিনিং মিলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৪৮ টাকা ৯১ পয়সায়। 

ডিএসইতে গতকাল কোম্পানির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৭ টাকা ১০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৭ টাকা ১০ পয়সা ও ৩৭ টাকা ৫০ পয়সা।