চীনের আকরিক লোহা উত্তোলন চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটির মোট আকরিক লোহা উত্তোলনের পরিমাণ ২৩ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার টনে পৌঁছেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়। খবর স্টিলঅরবিস ডটকম।
চীনের পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যমতে, শুধু মার্চেই দেশটির আকরিক লোহা উৎপাদন পৌঁছেছে ৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বেশি।
চলতি বছরের মার্চে আকরিক লোহার আমদানি মূল্য অনেকটাই কমে আসে। গত ৪ মার্চ কস্ট অ্যান্ড ফ্রেইট অনুযায়ী আকরিক লোহার দাম প্রতি টন সর্বোচ্চ ১৭৮ ডলার ছিল, যা ধারাবাহিকভাবে কমতে থাকে। গত ২২ মার্চ প্রতি টন আকরিক লোহার দাম ১৫৬ ডলারে উন্নীত হয়। মূলত চাহিদা কমে যাওয়ার কারণে এমন মূল্যহ্রাস দেখা দিয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। বাজার পরিস্থিতি ভালো থাকায় বাড়তে শুরু করেছে আকরিক লোহার চাহিদা। ফলে এপ্রিলে আমদানি মূল্য বেড়েছে।
এর আগে স্টিলঅরবিসের প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় চীনের আকরিক লোহা আমদানি ৮ শতাংশ বেড়ে ২৮ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টনে পৌঁছে। এ প্রান্তিকের মার্চেই চীন ১০ কোটি ২১ লাখ ৯ হাজার টন আকরিক লোহা আমদানি করেছে, যা গত
বছরের তুলনায় ১৮ দশমিক ৮৬ শতাংশ বেশি।










