তিন বছর বন্ধের পর কলকাতা ও আবুধাবির মধ্যে ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করেছে ইতিহাদ এয়ারওয়েজ। প্রতিষ্ঠানটির সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে। ফ্লাইটগুলো মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার এবং আবুধাবি রুটে পরিষেবা দেবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে চারদিন এবং প্রতিদিন দুটি করে ফ্লাইট এ সময়ে পরিচালিত হবে।
বিজনেস স্টান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটগুলো কলকাতার নেতাজি সুবাস চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে আবুধাবিতে গিয়ে পৌঁছবে। প্রথম ফ্লাইটটি কলকাতা থেকে ভোর ৪টা ১৫ মিনিটে রওনা হবে এবং আবুধাবি পৌঁছবে স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে। দ্বিতীয়টি রাত ৯টা ৫ মিনিটে রওনা হবে এবং আবুধাবির স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে গিয়ে পৌঁছবে। আবুধাবি থেকেও কলকাতাগামী সরাসরি ফ্লাইট চলবে সপ্তাহে চারদিন। স্থানীয় সময় রাত ৯টায় আবুধাবি ছেড়ে ভোর ৩টা ২০ মিনিটে কলকাতায় পৌঁছবে এসব ফ্লাইট।
ইতিহাদ এয়ারওয়েজ রুটটিতে এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজ পরিচালনা করবে। এ উড়োজাহাজে বিজনেস ক্লাসের আটটি ও ইকোনমি ক্লাসের ১৫০টি আসন থাকবে। গত রোববার উদ্বোধনী দিনে আবুধাবি থেকে কলকাতায় ১৫২ জন এবং কলকাতা থেকে আবুধাবি পর্যন্ত ১২৬ জন যাত্রী ভ্রমণ করেন।
এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতায় ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করায় এশিয়া অঞ্চলে প্রতিষ্ঠানটির পরিষেবা আরো বিস্তৃত হয়েছে। এর মধ্য দিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপের ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে ইতিহাদ।
গত সপ্তাহে কম খরচে উড়োজাহাজ চলাচলকারী এয়ার অ্যারাবিয়া কলকাতা ও আবুধাবির মধ্যে সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু করে। এয়ার অ্যারাবিয়াও এয়ারবাস এ৩২০ মডেলের ফ্লাইট পরিচালনা করছে।
কভিড-১৯-এর প্রাদুর্ভাবের পর কলকাতা ও আবুধাবির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল ইতিহাদ। বর্তমানে কলকাতা থেকে পশ্চিম এশিয়ার দুটি গন্তব্য তথা দুবাই ও দোহায় সরাসরি ফ্লাইট চালু রয়েছে।










