জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের বার্ষিক জিডিপি ক্ষয় হতে পারে ১ থেকে ২ শতাংশ পর্যন্ত। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) বুলেটিনের সম্পাদকীয়তে এ তথ্য উঠে এসেছে। 

এতে বলা হয়, বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমনের জন্য বাংলাদেশ মাত্র দশমিক ৪ শতাংশ দায়ী, যা অন্যান্য মেগা শিল্প অর্থনীতির তুলনায় নগণ্য। তবে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। উচ্চ জনসংখ্যার ঘনত্ব, দারিদ্র্য এবং জল ও খাদ্য নিরাপত্তার জন্য জলবায়ু-সংবেদনশীল খাতের ওপর নির্ভরতা, বিশেষ করে জলসম্পদ, কৃষি, মৎস্য ও পশুসম্পদ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার জন্য ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের জন্য জলবায়ু-স্মার্ট কৃষি পদ্ধতি গ্রহণের ওপরও জোর দেয়া হয় এতে। 

বুলেটিনের সম্পাদকীয়তে আরো বলা হয়, কৃষি খাত বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ভিত্তি¢। ২০২২ অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল ১১ দশমিক ৫০ শতাংশ। কৃষি খাত এককভাবে প্রায় ৪১ শতাংশ মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের কৃষি উৎপাদনশীলতা দক্ষিণ এশিয়া এবং তার বাইরের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। 

আইসিসিবির পর্যবেক্ষণ অনুযায়ী, জলবায়ু সমস্যার একটি প্রধান অংশ কৃষি। জলবায়ু পরিবর্তনের ফলে শস্যের ফলন, প্রধান খাদ্যশস্যের পুষ্টিগুণ এবং গবাদিপশুর উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। এমন বাস্তবতায় কৃষি খাতে উল্লেখযোগ্য অভিযোজন বিনিয়োগ প্রয়োজন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাম্প্রতিক একটি সমীক্ষা অনুসারে, ১০টি দেশের জন্য অভিযোজন বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, চীন, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে অভিযোজনে ১২০ কোটি ডলার বিনিয়োগ করে বাংলাদেশ ১ হাজার ১৬০ কোটি মার্কিন ডলারের প্রাক্কলিত ক্ষয়ক্ষতি রোধ করতে পারে, যা বিনিয়োগকৃত অর্থের ১০ গুণ। সমীক্ষা অনুসারে, ন্যূনতম ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ ছাড়া ১০টি দেশের বাজার আনুমানিক ৩৭ হাজার ৭০০ কোটি ডলার জিডিপি প্রবৃদ্ধি ক্ষতির সম্মুখীন হবে।  

আইসিসিবি জানায়, জলবায়ু পরিবর্তন কৃষির উৎপাদনশীলতা কমিয়ে দেয়। এতে ফসল উৎপাদনে অস্থিতিশীলতা সৃষ্টি হয়। ব্যাহত হয় বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ। ফলস্বরূপ খাদ্য ও পুষ্টির নিরাপত্তাহীনতা দেখা দেয়। জলবায়ু পরিবর্তন অধিকাংশ দুর্বল দেশের গ্রামীণ এলাকার জনগণের জীবিকা ও আয় এবং বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে ঝুঁকি আরো বাড়িয়ে দেয়।