নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অফিস সহকারী, নিরাপত্তা রক্ষী ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সাউথইস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক হাজার কম্বল বিতরণের এ কর্মসূচি পালন করা হয়। সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম। তিনি বলেন, এ উদ্যোগ তাদের সামাজিক দায়িত্ববোধের একটি প্রতিফলন মাত্র। অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক কর্তব্য। এ সময় সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে এমন মহৎ কাজে যুক্ত হতে পেরে তিনি গর্ব প্রকাশ করেন এবং সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সমাজসেবামূলক কাজে অংশ নেয়া এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করার ক্ষেত্রে এ শীতবস্ত্র বিতরণ একটি অর্থবহ পদক্ষেপ। তিনি এ আয়োজনের জন্য সাউথইস্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির মাধ্যমে এনএসইউ মানবিক সেবার প্রতি তাদের অঙ্গীকার আবারো প্রমাণ করেছে। সহমর্মিতা ও সামাজিক সম্পৃক্ততার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি সামনের দিনগুলোতেও তাদের ভূমিকা পালন করে যাবে। এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবে সহায়ক হবে বলে অনুষ্ঠানে আশাবাদ প্রকাশ করা হয়।
—বিজ্ঞপ্তি










