অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে চীন। করোনা মহামারীর প্রভাবে দেশটির জ্বালানি পণ্যটির মজুদ হ্রাস পেতে থাকায় আমদানিতে মনোযোগ বাড়িয়েছে দেশটি। জ্বালানি পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অয়েলএক্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের জুনে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি এর আগের মাসের তুলনায় ৮ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক গড়ে ১ কোটি ৫ লাখ ৪০ হাজার ব্যারেলে। তবে গত বছরের একই মাসের তুলনায় আমদানি দৈনিক ২৪ লাখ ৫০ হাজার ব্যারেল হ্রাস পেয়েছে। অয়েলএক্স জানায়, চীনের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ অব্যাহতভাবে কমছে। গত এপ্রিল
থেকে মজুদ ৪৩ কোটি ৬০ লাখ ব্যারেল থেকে কমে ৪১ কোটি ৪০ লাখ ব্যারেলে নেমে এসেছে। পণ্যটির অব্যাহত মূল্যবৃদ্ধি মজুদ হ্রাসকে আরো ত্বরান্বিত করেছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, গত মে মাসে মজুদ কমতির দিকে থাকা সত্ত্বেও আমদানি নিম্নমুখী ছিল। মহামারীর প্রভাব কাটিয়ে দেশটির অর্থনীতি পুনরুদ্ধার হতে থাকায় পরিশোধকরা তাদের উৎপাদন দ্রুতগতিতে বৃদ্ধি করতে থাকে। এতে দেশীয় বাজারে পণ্যটির সরবরাহ অতিরিক্ত বেড়ে গিয়েছিল, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। ফলে বেইজিং অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর উদ্যোগ নেয়। মূলত এ কারণেই আমদানি বৃদ্ধি পেয়েছে।










