নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অফিস সহকারী, নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ২০ জানুয়ারি ২০২৬ ‘শীতবস্ত্র বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় এনএসইউতে এক হাজার কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এমএ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে এমএ কাশেম বলেন, ‘এ উদ্যোগ আমাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক পিএলসির পক্ষ থেকে এ মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে আমি গর্বিত এবং একই সঙ্গে সবাইকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এনএসইউ একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজেও অংশগ্রহণ করে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করার একটি অর্থবহ পদক্ষেপ। এ মহৎ উদ্যোগে আমি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং সংশ্লিষ্ট সব আয়োজককে ধন্যবাদ জানাই।’
এ কর্মসূচির মাধ্যমে এনএসইউ মানবিক সেবার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক সম্পৃক্ততার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা জোরদার করেছে। —বিজ্ঞপ্তি










