জার্মান শিল্প সংস্থা সিমেন্সের মুনাফা তিন গুণ বেড়েছে। জানুয়ারি-মার্চে সমাপ্ত প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের জন্য মুনাফার প্রাক্কলন বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। তথ্য বলছে, দ্বিতীয় প্রান্তিকের মধ্যে গ্রুপটি ৩৫০ কোটি ইউরো বা ৩৮০ কোটি ডলার নিট মুনাফার রেকর্ড করেছে। গত বছরের একই সময়ে যেখানে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ১২০ কোটি ইউরো। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
সিমেন্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির অঙ্গ সংস্থা সিমেন্স এনার্জির নতুন ক্রয়াদেশ ১৫ শতাংশ বেড়েছে। এ সময়ে গ্রুপের আয়ও ১৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪০ কোটি ইউরোয় পৌঁছেছে। গ্রুপটির স্মার্ট অবকাঠামো ও মোবিলিটি ইউনিটগুলোর চাহিদা বিশেষভাবে শক্তিশালী ছিল। ফলে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের ঘাটতি কমাতে সহায়তা করেছিল।
সিমেন্সের অর্থবছর অক্টোবর-সেপ্টেম্বর। প্রতিষ্ঠানটি দ্বিতীয় প্রান্তিকে ভারতীয় রেলওয়ের জন্য ১ হাজার ২০০ ইলেকট্রিক লোকোমোটিভ সরবরাহের জন্য রেকর্ড ২৯০ কোটি ইউরোর একটি চুক্তি পেয়েছে।
সিমেন্সের সিইও রোল্যান্ড বুশ দ্বিতীয় প্রান্তিকে গ্রুপের উচ্চ পারফরম্যান্সে উৎফুল্ল। কেননা তার নেতৃত্বাধীন গ্রুপটি ডিজিটাল ইন্ডাস্ট্রি ও স্মার্ট অবকাঠামোর জন্য সর্বকালের সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। পাশাপাশি হাতে আছে আরেকটি (ভারতীয় রেলওয়ে) রেকর্ড চুক্তি।










