অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ পরিষেবার গুণগত মান বজায় রাখতে না পারায় ক্ষমা চেয়েছে। তারা স্বীকার করেছে, এতে তাদের সুনাম নষ্ট হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাজার হাজার বাতিল ফ্লাইটের টিকিট বিক্রির অভিযোগে মামলা করে। খবর রয়টার্স।
এসিসিসি আদালতের ফাইলিংয়ে জানায়, প্রতিষ্ঠানটি ২০২২ সালের মে-জুলাইয়ের মধ্যে বাতিল হওয়া প্রায় আট হাজারের বেশি ফ্লাইটের টিকিট বিক্রি করে। কিন্তু বাতিলের ব্যাপারটি ভোক্তাদের জানায়নি। যার মাধ্যমে ভোক্তা আইন ভঙ্গ হয়েছে। এ কারণে কয়েক লাখ ডলার জরিমানা আদায়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে এসিসিসি।
এর আগে কান্তাস জানায়, কোম্পানিটি এসিসিসির অভিযোগের বিষয়টি পর্যালোচনা করবে ও আদালতে উপস্থিত হবে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি অভিযোগ করেন, কান্তাস ফ্লাইট বাতিল করার পরও গড়ে ১৬ দিন টিকিট বিক্রি করে।
কান্তাস জানিয়েছে, তাদের নীতিমালা অনুসারে যখন একটি ফ্লাইট বাতিল করা হয়, গ্রাহকদের মূল প্রস্থান সময়ের কাছাকাছি একটি বিকল্প ফ্লাইটের সুযোগ দেয়া হয়। মহামারীর পরে অস্ট্রেলিয়া ২০২১ সালের শেষের দিকে তার সীমানা খুলে দেয়। সে সময় কান্তাসের বিরুদ্ধে ফ্লাইট বাতিলের অভিযোগ আনা হয়েছিল এবং কর্মী স্বল্পতার কারণে অনেক যাত্রী তাদের লাগেজ হারায়।
এয়ারওয়েজটি একটি বিবৃতিতে বলে, ‘এর আগে কান্তাসের সুনাম কিছু কারণে নষ্ট হয়েছে। এর মধ্যেই এসিসিসির এ অভিযোগ এসেছে। আমরা চাই গ্রাহক জানুক আমরা তাদের সমস্যা শুনেছি এবং বুঝতে পেরেছি।’










