এডিএন টেলিকম লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে ১২ দশমিক ৭২ শতাংশ। আয় বাড়লেও আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২১ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে এডিএন টেলিকমের আয় হয়েছে ১০০ কোটি ৭৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৯ কোটি ৩৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ কোটি ২৭ লাখ টাকা।
জুলাই-ডিসেম্বর প্রান্তিকে এডিএন টেলিকমের ইপিএস হয়েছে ১ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৫৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮ পয়সায়।
কোম্পানিটি জানিয়েছে, খরচ বেড়ে যাওয়া, কর্মীদের বেতন বৃদ্ধি, স্থায়ী সম্পদমূল্য কমে যাওয়া ও কিছু পণ্যের দাম কমে যাওয়ায় মুনাফার ওপর চাপ পড়েছে। ফলে নিট মুনাফা কমেছে। যদিও অঙ্গপ্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানগুলো মুনাফায় অবদান রেখেছে, তবে তাদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় কম ছিল।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এডিএন টেলিকমের ইপিএস হয়েছে ২ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৮২ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এডিএন টেলিকমের ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এডিএন টেলিকমের ইপিএস হয়েছে ৪ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৪ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৬ পয়সায়।
এডিএন টেলিকমের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসিঙ্গক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৬ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬। এর ৪০ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯০, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ৯৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।










