চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের ভোক্তা মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬৫ শতাংশে। পরিস্থিতি মোকাবেলায় মূল সুদহার ৪৫ শতাংশেই স্থির রেখেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর ইউরো নিউজ।

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আক্রমণাত্মক সিরিজ সুদের হার বাড়ানোর প্রক্রিয়ায় আপাতত বিরতি দেয়া হয়েছে। ফলে মূল সুদের হার ৪৫ শতাংশেই স্থির থাকছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, নবনিযুক্ত গভর্নর ফাতিহ কারাহানের অধীনে সুদহার সংক্রান্ত প্রথম সিদ্ধান্ত ছিল এটি।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত বিশ্লেষকদের ধারণার সঙ্গে সংগতিপূর্ণ ছিল। কারণ, মূল্যস্ফীতি সংকোচন করতে এমন সিদ্ধান্তের বিকল্প ছিল কম। এছাড়া গত মাসে কেন্দ্রীয় ব্যাংকও এ-সংক্রান্ত ইঙ্গিত দিয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, মাসিক মূল্যস্ফীতির পরিসংখ্যানে একটি উল্লেখযোগ্য ও টেকসই পরিবর্তন না আসা পর্যন্ত, বর্তমান সুদহার বজায় থাকবে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে কারাহানকে নিয়োগ দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি আগের গভর্নর হাফিজ গায়ে এরকানের স্থলাভিষিক্ত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে হাফিজ এরকানের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এলে সম্প্রতি পদত্যাগ করেন তিনি। যদিও নিজের ওপর আসা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন তুরস্কের ইতিহাসের প্রথম নারী এ গর্ভনর। এরকান এর আগে মার্কিনভিত্তিক ওয়াল স্টিট ব্যাংকের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাফিজ এরকানের মেয়াদে গত মাসে বেঞ্চমার্ক সুদের হার ৮ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক। তবে সুদের হার অব্যাহত বাড়ানো সত্ত্বেও মূল্যস্ফীতি প্রত্যাশা অনুযায়ী কমেনি তুরস্কে। উল্টো গত মাসে ভোক্তা মূল্যসূচক বেড়েছে দাঁড়িয়েছে প্রায় ৬৫ শতাংশে। এদিকে চলতি সপ্তাহে ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার রেকর্ড দরপতন ঘটেছে। প্রতি ডলারের বিপরীতে বিমিনয় হার ছিল ৩১ লিরা।

এরকানের মেয়াদে ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করা ফাতিহ কারাহান জোর দিয়ে বলেন, ‘‌তুর্কি অর্থমন্ত্রী মেহমেত সিমসেকের তত্ত্বাবধানে ব্যাপক মূল্যস্ফীতির বিরুদ্ধে আমাদের লড়াই নীতি জারি থাকবে।’