মূলত স্বয়ংক্রিয় বা চালকবিহীন ড্রাইভিং প্রযুক্তিতে একে অন্যকে সহায়তার লক্ষ্যেই এ পদক্ষেপ। প্রতিষ্ঠান দুটি জানায়, নতুন চুক্তির মূল লক্ষ্য হলো উন্নত মানের ‘রোবট ট্যাক্সি’ তৈরি করা, যা চালক ছাড়াই রাস্তায় চলতে সক্ষম হবে। খবর কোরিয়া হেরাল্ড।

যুক্তরাষ্ট্রের সান জোসে সম্প্রতি অনুষ্ঠিত এনভিডিয়ার জিপিইউ টেকনোলজি কনফারেন্স (জিসিটি) ২০২৬-এ এ নতুন পরিকল্পনার কথা জানানো হয়। হুন্দাই জানিয়েছে, তারা তাদের সহযোগী প্রতিষ্ঠান কিয়ার সফটওয়্যার সক্ষমতার সঙ্গে এনভিডিয়ার আধুনিক এআই প্রযুক্তি যুক্ত করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটি পরবর্তী প্রজন্মের স্বয়ংচালিত গাড়ির সমাধান বা সলিউশন তৈরি করবে। মূলত টেসলার মতো বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতেই এ বিশাল উদ্যোগ নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে এ চুক্তির আওতায় হুন্দাইয়ের নির্দিষ্ট কিছু মডেলে এনভিডিয়ার ‘লেভেল ২ প্লাস’ সিস্টেম ব্যবহার করা হবে। এ প্রযুক্তিতে চালককে কিছুটা সহায়তা দেয়া হলেও সবসময় নজরদারি প্রয়োজন হয়। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় প্রতিষ্ঠান দুটি ‘লেভেল ৪’ প্রযুক্তির রোবট ট্যাক্সি তৈরির দিকে মনোনিবেশ করছে। লেভেল ৪ প্রযুক্তিতে গাড়ি নির্দিষ্ট কিছু এলাকায় কোনো মানুষের সাহায্য ছাড়াই নিজে নিজে চলতে পারে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং জানিয়েছেন, হুন্দাই এখন তাদের রোবট ট্যাক্সি প্লাটফর্মের একটি অন্যতম প্রধান অংশীদার। এ প্লাটফর্মে এআই সফটওয়্যার ও শক্তিশালী কম্পিউটিং সিস্টেম ব্যবহার করা হয়, যা চালকবিহীন গাড়ি চালানোর জন্য অত্যন্ত জরুরি। হুন্দাই ছাড়াও বিওয়াইডি, নিসান এবং গিলির মতো বড় কোম্পানিগুলো এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।

নিজেদের সক্ষমতা বাড়াতে হুন্দাই এখন থেকে এনভিডিয়ার ‘ড্রাইভ হাইপারিয়ন’ প্লাটফর্ম ব্যবহার করবে। এটি একটি বিশেষ কাঠামো যা সেন্সর ও সফটওয়্যারকে একসঙ্গে কাজ করতে সাহায্য করে। এর মাধ্যমে হুন্দাইয়ের সব ধরনের গাড়িতে একই ধরনের উন্নত সফটওয়্যার ব্যবহার করা সম্ভব হবে। এছাড়া এনভিডিয়ার প্রযুক্তির সাহায্যে হুন্দাই বিশ্বজুড়ে তাদের গাড়ি থেকে পাওয়া তথ্য বা ডাটা বিশ্লেষণ করবে, যা তাদের এআই সিস্টেমকে আরো দক্ষ ও নিরাপদ করে তুলবে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এ চুক্তির ফলে হুন্দাই ভবিষ্যতে স্বয়ংচালিত গাড়ির বাজারে অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ করে টেসলার সঙ্গে যে প্রযুক্তির পার্থক্য রয়েছে, তা কমিয়ে আনতে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হুন্দাইয়ের গ্লোবাল স্ট্র্যাটেজি অফিসের প্রধান কিম হিউং-সু বলেন, ‘এনভিডিয়ার সঙ্গে এ সম্পর্ক ভবিষ্যতে নিরাপদ ও নির্ভরযোগ্য স্বয়ংচালিত গাড়ি তৈরির ক্ষেত্রে একটি বড় শক্তি হিসেবে কাজ করবে।’