ছোট আকারের ম্যাভেরিক পিকআপ ট্রাকের নকশায় ব্যাপক পরিবর্তন এনেছে ফোর্ড মোটর। এ গাড়ির ২০২৫ মডেলে প্রযুক্তি, সক্ষমতা ও হাইব্রিড অপশনের ক্ষেত্রে থাকছে নতুনত্ব। ম্যাভেরিকের অভ্যন্তরীণ ও বাহ্যিক সজ্জায় পরিবর্তনের মধ্যে থাকছে ১৩ দশমিক ২ ইঞ্চি সেন্টার টাচস্ক্রিন, অল-হুইল-ড্রাইভ হাইব্রিড অপশন এবং ফাইভজি মডেল, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যানড্রয়েড অটোসহ কানেকটিভিটি ফিচার। খবর সিএনবিসি।

ফোর্ডের এন্ট্রি লেভেলের এই পিকআপ ২০২১ সালে বাজারে এলে ভালোই সাড়া পায়। এরপর পর্যায়ক্রমে বেড়েছে গাড়ির উৎপাদন ও বিক্রি। চলতি বছরের জুনে ২০২৩ সালের একই মাসের তুলনায় ম্যাভেরিক পিকআপ উৎপাদন বেড়েছে ৭৭ শতাংশ।

চলতি বছরে ম্যাভেরিকের অভূতপূর্ব চাহিদা দেখা যাচ্ছে বলে জানালেন উত্তর আমেরিকায় ফোর্ডের ট্রাক বিভাগের জেনারেল ম্যানেজার জন এমমার্ট। তিনি বলেন, ‘চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আমাদের বিক্রির পরিমাণ ২০২৩ সালের পুরো বছরের বিক্রির প্রায় সমান।’

কোম্পানিটি জানিয়েছে, ম্যাভেরিকের মাধ্যমে অনেক গ্রাহক ব্র্যান্ড হিসেবে ফোর্ডকে বেছে নিচ্ছেন, যাদের বড় একটি অংশ প্রথমবারের মতো গাড়ি কিনছেন। ৮০ শতাংশ ম্যাভেরিকের মালিক আগে কখনো পিকআপ ট্রাক কেনেননি।

জ্বালানিসাশ্রয়ী এ বাহন গ্যালনপ্রতি ৪০ মাইল পর্যন্ত চলতে পারায় ২০২২ সালে ম্যাভেরিক ব্যাপকভাবে মনোযোগ কাড়ে। এ গাড়ির প্রারম্ভিক দাম ২০ হাজার ডলার। ম্যাভেরিকের মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় মডেল এক্সএলটি, এর দাম ২৬ হাজার ৪২০ ডলার। তবে ব্যয় বৃদ্ধি ও অন্য কারণ মিলিয়ে ২০২৫ সালের হাইব্রিড মডেলের ম্যাভেরিক শুরু হয়েছে ২৬ হাজার ২৯৫ ডলারে।

ফোর্ড ট্রাকের বিপণন ও ব্র্যান্ড ম্যানেজার টড একার্টের মতে, নতুন প্রযুক্তি এবং অন্য ব্র্যান্ডের নতুন গাড়ি বা ট্রাকের গড় দাম ৫০ হাজার ডলারের কাছাকাছি হওয়ায় তুলনামূলকভাবে ম্যাভেরিক এখনো ক্রেতাদের জন্য ভালো বিকল্প। তিনি বলেন, ‘এটি এখনো বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পিকআপ ট্রাক।’

তবে ম্যাভেরিক থেকে ফোর্ড কী পরিমাণ মুনাফা করছে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা। ট্রাক বিভাগের জেনারেল ম্যানেজার জন এমমার্ট এটুকুই জানালেন, অবশ্যই ব্যবসায়িক কারণে পরিমার্জন এনেছে ফোর্ড।

প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ফারলের অধীনে ফোর্ড ট্রাক ব্যবসায় নতুন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। তিনি পিকআপের মতো ব্যবসার কিছু বিভাগ শক্তিশালী করার লক্ষ্য রেখেছিলেন কোম্পানির পুনর্গঠন পরিকল্পনায়।

মূলত পুরো উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে ম্যাভেরিক বিক্রি হয়ে থাকে। তবে ইউরোপসহ অন্য বাজারে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেনি ফোর্ড। ২০২৫ মডেলের ম্যাভেরিকের ক্রয়াদেশ শুরু হয়েছে ১ আগস্ট। আশা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ ক্রেতাদের সরবরাহ করা হবে। নতুন এই ট্রাকগুলো তৈরি হচ্ছে মেক্সিকোয়।