তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত ৪৭ টাকা ৮৪ পয়সা লোকসান হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৯৪ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পর্ষদ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ১৪ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

লোকসানের কারণে ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। তবে ২০১৮ হিসাব বছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের তিন হিসাব বছরে যথাক্রমে ১০, ৫ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। 

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫ টাকা ৩০ ও ৬ টাকা ২০ পয়সা।